স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সরকারের ব্যবস্থাপনা ভালো থাকায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় ঈদে ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে।
শনিবার দুপুরে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় বাস কাউন্টারগুলো পরিদর্শন করেন এবং ভাড়ার তালিকা দেখেন।
জাহাঙ্গীর চৌধুরী বলেন, ঈদের ছুটিতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার কেউ ছুটিতে যাচ্ছে না। রাজধানী ঢাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা বিধানে সতর্ক থাকায় এবার ঈদে ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চৌধুরী বলেন, ঢাকায় খালি বাসা-বাড়ি নিরাপদ থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এবার ঈদের সময়ে কোনো ষড়যন্ত্র বা নিরাপত্তা হুমকি নেই। কেউ যদি কোনো ষড়যন্ত্র করে তাহলে সবাইকে নিয়ে মোকাবেলা করা হবে।
এদিকে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজরদারির চিত্রও দেখা গেছে। টার্মিনালের প্রবেশমুখে পুলিশ ও র্যাবের কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। সেই সাথে গাবতলী সড়কের যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
সূত্র : বাসস