রাজধানীর মিরপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে নাছিমা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো সাত থেকে আটজন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে লাভ রোড-মন্দির রোড এলাকায় টিসিবির পণ্য বিক্রির সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাছিমা মিরপুর-২ নম্বর জনতা হাউজিং এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, টিসিবির পণ্য নিতে কলেজের দেয়ালের পাশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন সাধারণ মানুষ। এ সময় হঠাৎ করেই কলেজটির পেছনের সীমানা প্রাচীর ধসে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়েন কয়েকজন নারী-পুরুষ। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহত নাছিমা বেগমকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দেয়াল ধসের ঘটনায় নাছিমা বেগম নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাত থেকে আটজন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।