আগাম ঘোষণা অনুযায়ী বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে থাকা কমিশনের আওতাধীন সকল প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
কমিশনে স্বায়ত্বশাসন পুনঃপ্রতিষ্ঠা এবং মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপ ও কর্তৃত্ববাদী আচরণের প্রতিবাদে বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জরুরি স্বাস্থ্যসেবা ছাড়া সকল কর্মক্রম বন্ধ করে প্রতিবাদ জানানো হয়।
বৃহস্পতিবারও একইভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞানী কর্মকর্তা-কর্মচারীদের দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে জানানো হয়।
এর আগে, একই দাবিতে গত মঙ্গলবার কমিশনের প্রধান কার্যালয়ে কয়েক শ’ বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এরপর তিনটি সংগঠনের সমন্বয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরমাণু শক্তি বিজ্ঞানী সংঘ’র সভাপতি ড. এ এস এম সাইফুল্লাহ তাদের বিভিন্ন দাবি ও অভিযোগ তুলে ধরেন। তাদের দাবি পূরণ না হলে নিয়মতান্ত্রিকভাবে কর্মসূচি পালনের ঘোষণাও দেন তিনি।