অন্তর্বর্তী সরকারে নতুন উপদেষ্টা নিয়োগ পাচ্ছেন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বঙ্গভবনে নতুন এই উপদেষ্টার শপথ হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

আমিনুল ইসলাম বর্তমানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ‘আগামীকাল বেলা ১১টায় উপদেষ্টা হিসেবে শপথ নিবো।’

কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জানি আমাকে শিক্ষায় দায়িত্ব দেবে। শপথ নেয়ার দু’একদিনের মধ্যে মিডিয়ার সাথে বসবো। তখন শিক্ষা নিয়ে আমার পরিকল্পনা ও কাজের কথা আপনাদের জানাবো।’

বর্তমান উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন বলে জানা গেছে। নতুন একজন উপদেষ্টা যুক্ত হওয়ার পর অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টার সংখ্যা হবে ২৩ জন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ওই দিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।

এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

ওই সময় নিয়োগ পান ১৬ জন উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিনজন উপদেষ্টা ওই দিন শপথ নিতে পারেননি। তারা পরে শপথ নেন। পরে আরো চারজন উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে যুক্ত হন। সর্বশেষ ১০ নভেম্বর তিনজন উপদেষ্টা যুক্ত হন।

অন্যদিকে গত বছরের ২০ ডিসেম্বর বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা যান। সর্বশেষ গত ২৫ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলে যোগ দিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: নাহিদ ইসলাম পদত্যাগ করেন। এরপর সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টা হয় ২২ জন। সূত্র : ইউএনবি