রাজধানীর আদাবর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, ছোরা, কুড়াল ও শাবলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, বুধবার রাত প্রায় ১০টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শেখেরটেক ৭ নম্বর রোডের ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় পালানোর চেষ্টা করলে সাতজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন মো: সাইদ (২৪), আকাশ (২৩), মো: ফারুক ওরফে কুত্তা ফারুক (২৬), কর্ণেল (১৯), মো: মাইন উদ্দিন (২১), মো: সিফাত ওরফে হিটার (২২) এবং মো: নাহিদুল (২৫)।
পুলিশের দাবি, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি লোহার চাপাতি, দুইটি স্টিলের চাপাতি, একটি স্টিলের ছোরা, একটি লোহার কুড়াল এবং একটি লোহার শাবল উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত মো: মাইন উদ্দিনের বিরুদ্ধে আদাবর ও মোহাম্মদপুর থানায় দুইটি মামলা, মো: ফারুকের বিরুদ্ধে দিনাজপুর সদর থানায় একটি মামলা এবং মো: সাইদের বিরুদ্ধে আদাবর থানায় একটি মামলা রয়েছে। এ ঘটনায় আদাবর থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।