সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক জনগণের সার্বিক উন্নয়নের জন্য বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ প্রেসিডেন্ট, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক বাংলাদেশ সেনাবাহিনীর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে সম্মানসূচক রাষ্ট্রপতি পদকে ভূষিত করেছেন।
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফর শেষে বৃহস্পতিবার (৬ মার্চ) দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সফরকালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এ জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশী কন্টিনজেন্টসমূহ ও বাংলাদেশী শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সেনাবাহিনী প্রধানকে অবহিত করা হয়। এসময় তিনি তার মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।
বৃহস্পতিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেনাবাহিনী প্রধান ভ্যালেন্টাইন রুগওয়াবিজা মহাসচিবের (এসআরএসজি) বিশেষ প্রতিনিধি এবং ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হামফ্রে নিওনের সাথে সাক্ষাৎ করেন। এসময় তিনি জাতিসঙ্ঘ শান্তিরক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক আর্মড ফোর্সেস (এফএসিএ) এর প্রধান জেনারেল মামাদু জেফিরিনের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে সেনাবাহিনী প্রধান দু’ দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। পরবর্তী সময়ে প্রেসিডেন্ট, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং সেনাবাহিনী প্রধান, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক শান্তিরক্ষী মিশনের অধীনে বেসামরিক লোকদের সহায়তার অংশ হিসেবে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এ নির্মিত তোয়াদেরা কমিউনিটি ক্লিনিক এর শুভ উদ্বোধন করেন। এছাড়াও, সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এর প্রেসিডেন্ট ফস্টিন-আর্চেঞ্জ তোয়াদেরার সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করেন।
এছাড়াও, সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের বাংগি এলাকায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্টসমূহ পরিদর্শন করেন। বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের এই সফর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদারের পাশাপাশি সেখানে অবস্থিত বাংলাদেশী শান্তিরক্ষীদের মনোবল বৃদ্ধিতে সহায়তা করবে বলে আশা করা যায়।
উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান গত ৩ মার্চ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরে গমন করেছিলেন।