ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ বুধবার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ছয়টি খালের চলমান খনন কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, একটু বৃষ্টি হলেই ঢাকার ধানমন্ডিসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। এ অবস্থা থেকে থেকে পরিত্রাণ পেতে হলে ঢাকার খালগুলোতে পানির প্রবাহ ফিরিয়ে আনতে হবে। এ কারণে খাল খনন কার্যক্রম চলমান রাখার পরামর্শ দেন তিনি।
শহরের জীববৈচিত্র্য ঠিক রাখতে খালগুলোকে বাঁচিয়ে রাখা জরুরি বলে অভিমত দেন তিনি।
উপদেষ্টা বলেন, ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে ছয়টি খাল খননের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এ বছরের মধ্যেই মোট ১৯ খাল খননের কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, দিন দিন ঢাকা শহরের ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এ অবস্থায় ঢাকার খালগুলো খনন করে পানি সংরক্ষণের ব্যবস্থা করা গেলে ভূগর্ভস্থ পানির স্তর উন্নত হবে।
ঢাকার খালগুলো খননের পর খালের পাড়ে দৃষ্টিনন্দন ফুলের চারা এবং পাখিদের খাওয়ার উপযোগী ফলদ বৃক্ষরোপণ করা হবে বলেও জানান তিনি।
খাল খনন পরিদর্শনকালে বাউনিয়া খালের সাগুফতা সেতুর পাশে এবং উত্তরা ১০ নাম্বার সেক্টর সংলগ্ন খিদির খালের পাড়ে দু’টি গাছের চারা রোপণ করেন উপদেষ্টা রিজওয়ানা।
এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, স্থপতি ফজলে রেজা সুমনসহ ডিএনসিসি ও নৌ-বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : ইউএনবি