ড্রেজিং ট্রেনিং সিমুলেটরের টেন্ডার প্রক্রিয়ায় পাবলিক প্রোকিউরমেন্ট রুলস (পিপিআর)-২০০৮ অমান্য করার অভিযোগ উঠেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বিরুদ্ধে। জি-২০২৪-২৫-০০১ প্যাকেজের ওই দরপত্রে পিপিআর-২০০৮ অমান্য করার অভিযোগ এনে নৌ-পরিবহণ মন্ত্রণালয়ে একটি অভিযোগ দেয়া হয়েছে।
সম্প্রতি নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর করা অভিযোগপত্র থেকে এসব তথ্য জানা গেছে।
অভিযোগে বলা হয়েছে, পাবলিক প্রোকিউরমেন্ট রুলস-২০০৮-এর ২৯ এর (৩) ধারা অনুযায়ী, কারিগরি বিনির্দেশে কোনো পণ্যের ট্রেডমার্ক বা পণ্যের ব্যবসায়িক নাম, পেটেন্ট, নকশা বা ধরন, নির্দিষ্ট উৎস দেশের নাম (country of origin), উৎপাদনকারী বা সেবা সরবরাহকারীর নাম সুনির্দিষ্টভাবে উলেখ করা যাবে না। কিন্তু টেন্ডার আহ্বানে নথিতে এ নিয়ম অমান্য করে ইউএসএ, ইউকে, ইইউ, কানাডা, জাপান, অষ্ট্রেলিয়ারসহ কয়েকটি দেশের নাম উল্লেখ করা হয়েছে। যা পিপিআর-২০০৮ পরিপন্থী।
অভিযোগে আরো বলা হয়েছে, দরপত্রে মেরিন ইঞ্জিন, ড্রেজার ও সিমুলেটর সরবরাহের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। কিন্তু সুনির্দিষ্টভাবে সিমুলেটর সরবরাহের জন্য এ খাতে অভিজ্ঞদের গুরুত্ব দেয়া জরুরি ছিল। যেসব প্রতিষ্ঠান সরাসরি সিমুলেটর সরবরাহের অভিজ্ঞতা রাখে তাদের অগ্রাধিকার দেয়া উচিত থাকলেও সেটা না করে এখানে মেরিন ইঞ্জিন, ভেসেল ও ড্রেজারের অভিজ্ঞতার বিষয় আনা হয়েছে। যা এই সরবরাহের সাথে প্রাসঙ্গিক নয়।
মন্ত্রণালয়ের ওই অভিযোগে বলা হয়েছে, এ প্রক্রিয়ার ত্রুটি নিয়ে প্রকল্পের পরিচালক বরাবর লিখিত একটি লিখিত অভিযোগ দেয়া হয়। কিন্তু কোনো সমাধান না হওয়ায় পরবর্তী সময়ে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান বরাবর আরেকটি লিখিত অভিযোগ দেয়া হয়। সেখানেও কোনো সমাধান না আসায় সর্বশেষ মন্ত্রণালয়ে অভিযোগ করা হয়।
এদিকে অভিযোগকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, ‘আমরা চাই এই টেন্ডার বাতিল করে পিপিআর-এর নিয়ম মেনে দরপত্র আহ্বান করা হোক।’