রাজধানীর শাহবাগে সরকারি কর্মচারী হাসপাতালের সামনে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মাহমুদ হাসান জানান, আমরা খবর পেয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের থেকে তার লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি জানান, আমরা জানতে পারি বিকেল সাড়ে ৩টার দিকে সরকারি কর্মচারী হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে সরকারি কর্মচারী হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডিকে খবর দেয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।