দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ অন্বেষণ ও ক্রীড়ামুখী মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে সরকার আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা মহানগরের সকল মাদরাসা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৭ জুলাই ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠেয় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সোমবার মাদরাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের গত ৮ জুলাইয়ের এক সিদ্ধান্তের আলোকে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। আগামী ২৭ জুলাই বিকেল ৪টায় ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এই বৃহৎ ক্রীড়া উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, এই জাতীয় অনুষ্ঠানকে উৎসবমুখর, প্রাণবন্ত ও সাফল্যমন্ডিত করার লক্ষ্যে ঢাকা মহানগরে অবস্থিত বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্কুল ড্রেসে (নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত পোশাকে) স্বতস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল মাদরাসা প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে। সূত্র : বাসস