দেশের প্রখ্যাত কবি, লেখক ও অভিজ্ঞ সাংবাদিক বিল্লাল বিন কাশেম পুনরায় ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) জনসংযোগ প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। দীর্ঘ অভিজ্ঞতা ও বহুমাত্রিক প্রতিভার অধিকারী এই ব্যক্তিত্বের প্রত্যাবর্তনকে প্রশাসনিক ও সাহিত্য অঙ্গনে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
২০০২ সালে সাংবাদিকতার মাধ্যমে কর্মজীবন শুরু করা বিল্লাল বিন কাশেম বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক গণমাধ্যমে অনুসন্ধানী ও সাহসী সাংবাদিক হিসেবে পরিচিতি লাভ করেন। ২০১২ সাল থেকে তিনি ইসলামিক ফাউন্ডেশনের সাথে যুক্ত রয়েছেন।
এর আগে তিনি আইসিটি, প্রকাশনা এবং বিভিন্ন জেলা কার্যালয়ের উপ-পরিচালক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্বের আওতায় তিনি প্রতিষ্ঠানের কার্যক্রম প্রচার ও গণমাধ্যমের সাথে কার্যকর যোগাযোগ রক্ষার কাজ পরিচালনা করবেন।
সাহিত্যের জগতেও বিল্লাল বিন কাশেম এক সুপরিচিত নাম। তার কাব্যগ্রন্থ ‘অনুরণন’ এবং উপন্যাস ‘দূরে কোথায়’ পাঠকমহলে সমাদৃত। তার লেখায় সমাজচেতনা, মানবিক অনুভূতি এবং সমকালীন সঙ্কটের নিপুণ প্রতিফলন ঘটে।
ব্যক্তিজীবনে তিনি এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার মরহুম পিতা বীর মুক্তিযোদ্ধা মো: আবুল কাশেম এবং মাতা গুলশান আরা বেগম। তার পরিবারের সদস্যরাও নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। বড় ভাই মোহাম্মদ বিন কাশেম জুয়েল একজন সমাজসেবক ও সংবাদপত্রের ব্যবস্থাপনা সম্পাদক, ছোট ভাই ইলিয়াস বিন কাশেম রাসেল একটি জাতীয় টেলিভিশনের গুরুত্বপূর্ণ পদে কর্মরত এবং ছোট বোন ফারহানা আফরোজ একজন ব্যাংক কর্মকর্তা। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক।
সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রত্যাশা, বিল্লাল বিন কাশেমের সৃজনশীলতা ও অভিজ্ঞতা ইসলামিক ফাউন্ডেশনের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ও জনসম্পৃক্ততাকে আরো শক্তিশালী করবে। প্রশাসনিক ব্যস্ততার পাশাপাশি সাহিত্য ও গবেষণামূলক কাজেও তিনি সক্রিয় থাকবেন বলে জানা গেছে। সাংবাদিকতা, সাহিত্য এবং প্রশাসনের এই বিরল সমন্বয় প্রতিষ্ঠানটির কার্যক্রমে নতুন গতি ও প্রাণসঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।