শ্রম আইন লঙ্ঘনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে বনানী থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৪ জুন) সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা মামলায় সাজেদুল ইসলামের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিল। সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার রাত ১১টার দিকে বনানীর ডি ব্লকের ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাসায় তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। শুরুতে ভবনে প্রবেশে কয়েক দফা বাধার মুখে পড়ে পুলিশ। নিরাপত্তাকর্মীরা সহযোগিতা না করায় এবং চালক ও দেহরক্ষীদের উশৃঙ্খল আচরণের কারণে অভিযান দীর্ঘ সময় ধরে চলে। পরে রাতভর অবস্থানের পর বুধবার ভোরে ওই বাসা থেকেই সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, শ্রম আইন লঙ্ঘনের মামলায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।