প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেফতার হওয়া ফারিয়া হক ওরফে টিনার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (৯ মে) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ কে এম মাঈন উদ্দিন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, বৃহস্পতিবার রাত ৮টায় ভাটারা থানাধীন জগন্নাথপুর এলাকা থেকে আলোচিত টিনাকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল বিকেল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সঙ্ঘাত শুরু হয়। ওই ঘটনার একপর্যায়ে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম পারভেজ নিহত হন।
এ ঘটনার পর দিন ২০ এপ্রিল পারভেজের ফুফাত ভাই হুমায়ুন কবির বনানী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব ও আবুজর গিফারীসহ আটজনকে আসামি করা হয়। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরো ২০-৩০ জনকে আসামি করা হয়। বাসস