ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের হলি আর্টিজান সম্পর্কিত বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, উক্ত সন্ত্রাসী হামলা এবং এর ফলে জানমালের ক্ষয়ক্ষতি নিঃসন্দেহে খুবই বেদনাদায়ক ও মর্মান্তিক।
এতে আরো বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ উক্ত ঘটনায় নিহত দেশী-বিদেশী সবার আত্মার শান্তি কামনা ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। উক্ত ঘটনার নবম বর্ষপূর্তি নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে ডিএমপি কমিশনারের খণ্ডিত বক্তব্য উপস্থাপন করা হয়েছে।
প্রকৃতপক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার তার বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতির নিরিখে পুলিশের চ্যালেঞ্জসমূহ ও পূর্বাপর সরকারের সময়ে কিছু অনিয়মের কথা তুলে ধরেছেন। তথাপি, অনেকে বিষয়টি খণ্ডিতভাবে উপস্থাপন করেছেন, যা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।
উল্লেখ্য, হলি আর্টিজানের ঘটনাটি একটি সন্ত্রাসী হামলা ছিল এবং যথাযথ তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের ইতোমধ্যে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।
এছাড়া, ভবিষ্যতে এ রকম ঘটনার পুনরাবৃত্তি এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৎপর রয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিশ্বাস করে, বর্ণিত বিষয়ে অহেতুক ভুল বুঝাবুঝির কোনো অবকাশ নেই।
সূত্র : বাসস