রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাগেরহাট-৪ আসনের সাবেক এমপি আমিরুল ইসলাম মিলন, একজন সাবেক ওয়ার্ড কমিশনারসহ আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনগুলোর নয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ মঙ্গলবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগে উপ-কমিশনার (ডিসি) তালেবুর রহমান ঢাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

ডিসি তালেবুর জানান, গ্রেফতারদের বিরুদ্ধে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা এবং ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টার অভিযোগ রয়েছে।

তিনি আরো জানান, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় ডিবির এই অভিযান অব্যাহত থাকতে। এছাড়া ঝটিকা মিছিলসহ নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের অন্য অঙ্গসংগঠনগুলোর যেকোনো অপতৎপরতা রোধে গোয়েন্দা বিভাগের তৎপরতা আরো জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, রোববার (৪ মে) সকালে অভিযান চালিয়ে ঢাকার দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেফতার করে ডিবি পুলিশ। রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিসি তালেবুর জানান, তার বিরুদ্ধেও বেশ কয়েকটি মামলা রয়েছে। সূত্র : ইউএনবি