বহুল আলোচিত মিরপুরের জাহাজ বাড়ি মামলায় পুলিশের সাবেক আইজি এ কে এম শহিদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুর জোনের তৎকালীন এসি জসিম উদ্দিন মোল্লাকে গ্রেফতার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার প্রসিকিউশনের করা একটি আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো: গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ।

প্রসিকিউশনের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, প্রসিকিউটর, আব্দুস সোবহান তরফদার, বি এম সুলতান মাহমুদ, গাজী এম এইচ তামিম, শহিদুল ইসলাম, ফারুক আহমেদ ও ব্যারিস্টার মইনুল করিম।

২০১৬ সালের ২৬ জুলাই রাজধানীর মিরপুরের কল্যাণপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন ৫ নম্বর সড়কের অবস্থিত ‘জাহাজ বিল্ডিং’ নামের একটি বাসায় কথিত উগ্রবাদী আটক অভিযান পরিচালনা করে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশের অভিযান চলাকালে নয়জন ‘উগ্রবাদী’ নিহত হয়েছে বলে জানানো হয়। সেদিন অভিযান শেষে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন তৎকালীন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক।

তিনি বলেছিলেন, নিহত ব্যক্তিরা নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। তিনি দাবি করেন, একটি বড় হামলার পরিকল্পনা করছিল নিহত উগ্রবাদীরা, যার তথ্য পুলিশের কাছে আগে থেকেই ছিল।

সূত্র : বাসস