আইনিভাবে বিচ্ছেদের আগেই নতুন করে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলা শুনতে বিব্রত বোধ করেছেন আদালত। এরপর মামলাটি অন্য আদালতে বদলির আদেশ দেয়া হয়েছে।

আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন।

এদিন মামলাটিতে নাসির হোসেন এবং তামিমা সুলতানার আত্মপক্ষ শুনানির দিন ধার্য ছিল। আসামি ও বাদিপক্ষের আইনজীবীরা পাল্টাপাল্টি আবেদন করায় বিব্রত বোধ করেন আদালত।

সকালে আদালতে নাসির হোসেন এবং তামিমা সুলতানা হাজির হন।

এর মধ্যে বাদিপক্ষের আইনজীবী ইসরাত হাসানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে একটি আবেদন করেন নাসিরের আইনজীবী।

মামলার কারণ হিসেবে বলেন, এ মামলার বিচার চলছে। এ অবস্থায় বাদিপক্ষের আইনজীবী মিজ হাসান গত ১৬ এপ্রিল গণমাধ্যমে বলেন, নাসির হোসেন ব্যভিচার করে তামিমাকে প্রলুব্ধ করে নিয়ে গেছেন।

যেহেতু এ বিষয়ে বিচার চলছে, বিচার শেষে আদালত রায়ের মাধ্যমে নির্ধারণ করবেন নাসির তামিমাকে প্রলুব্ধ করে নিয়ে গেছেন কি না এবং ব্যাভিচারের সম্পর্ক করেছেন কি না। ফলে মিজ হাসান তার ওই বক্তব্যের মাধ্যমে আদালত অবমাননা করেছেন।

বাদিপক্ষের আইনজীবী মিজ হাসান আদালতে অভিযোগ করেন, ‘আসামিপক্ষের আইনজীবী আগে বাদিপক্ষের মামলা পরিচালনা করেছেন। আইন অনুযায়ী তিনি এখন আসামিপক্ষে মামলা পরিচালনা করতে পারেন না।’

পরে আদালত বিব্রত বোধ করে মামলাটি অন্য আদালতে পাঠিয়ে দিতে দুইপক্ষের আইনজীবীর মতামত চান। তারা আপত্তি নেই জানালে আদালত সিএমএম বরাবর ওই মামলাটি পাঠিয়ে দেয়।

সূত্র : বিবিসি