যাত্রাবাড়ী ও ভাটারা থানার পৃথক দু’টি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া বাড্ডা থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইসতিয়াকের আদালতে আসামিদের হাজির করে বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন করে পুলিশ। উভয়পক্ষের শুনানি শেষে আদালত এই আদেশ দেন।
এছাড়া রাজধানীর বিভিন্ন থানার হত্যা মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান, সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।
সালমান এফ রহমানের মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই ভাটারা থানাধীন বাঁশতলা এলাকায় আন্দোলনে অংশ নিয়ে গুলিতে আহত হন মনির হোসাইন। পরে হাসপাতালে নেয়া হলে ২০ জুলাই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের ভাই পারভেজ ফরাজী গত ২ অক্টোবর ভাটারা থানায় মামলা দায়ের করেন।
আনিসুল হকের মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট আন্দোলনে অংশ নেন আব্দুল জব্বার সুমন। ওইদিন সন্ধ্যায় আসামিদের ছোড়া গুলিতে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিক্যালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ১৯ আগস্ট নিহতের মা বাড্ডা থানায় মামলা করেন।
আব্দুল্লাহ আল মামুনের মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা ফুটওভার ব্রিজ এলাকায় আন্দোলনে অংশ নেন মো: রাসেল। সেখানে গুলিতে নিহত হন তিনি। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামিদের মধ্যে তার নাম রয়েছে।