জুলাই-আগস্টে আন্দোলন নির্মূলে চট্টগ্রামে গণহত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ফজলে করিমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম-৬ রাউজান আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে গ্রেফতার দেখিয়ে গত ১৬ ফেব্রুয়ারি কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। পাশাপাশি এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৮ এপ্রিল দিন ধার্য করা হয়। সে অনুযায়ী আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো: গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল গত ১৬ ফেব্রুয়ারি এই আদেশ দিয়েছিলেন। ট্রাইব্যুনালের দুই সদস্য হলেন বিচারপতি মো: শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো: মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রাম মহানগরে ছাত্র-জনতার ওপর ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে হামলা হয়েছে। তার বিরুদ্ধে হত্যার প্রাথমিক প্রমাণ মিলেছে।

সূত্র : বাসস