জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, মৌলিক বিষয়ে জাতীয় ঐকমত্যে আসার জন্য রাজনৈতিক দলগুলোকে কিছু ছাড় দিতে হবে।
আজ বুধবার জাতীয় সংসদ ভবনের এল ডি হলে নাগরিক ঐক্যের বর্ধিত আলোচনায় তিনি এ কথা বলেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর ভিন্ন অবস্থান থাকা সত্ত্বেও কিছু মৌলিক বিষয়ে ঐকমত্যে আসতে হবে। আর এসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ছাড় দিবেন। তাদের কাছ থেকে কমিশন এটাই প্রত্যাশা করে।
তিনি বলেন, কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করছে, তবে শুধু কমিশনের আলোচনায় যথেষ্ট নয়। রাজনৈতিক দলগুলোকে তাদের সহযোগী ও প্রতিপক্ষের সাথে আলোচনা করে জাতীয় সনদ তৈরির লক্ষ্যে একমত হতে হবে।
নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দলের হয়ে মোফাখখারুল ইসলাম নবাব, মঞ্জুর কাদির, শাহনাজ রানু, ফেরদৌসী আক্তার সুমি এবং সাকিব আনোয়ার উপস্থিত ছিলেন।
আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
এ পর্যন্ত ৩৯টি রাজনৈতিক দলের মধ্যে ৩৫টি দলের মতামত পেয়েছে কমিশন। সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত করতে গত ২০ মার্চ থেকে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। ইতোমধ্যে নাগরিক ঐক্যসহ ২৫টি রাজনৈতিক দলের সাথে প্রাথমিক আলোচনা শেষ করেছে কমিশন।