বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন সমর্থকরা।

আজ সোমবার সকাল ১০টার দিকে নগর ভবনের মূল ফটকে তালা দিয়ে সড়কে অবস্থান নেন তারা। এতে সড়কটিতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের।

এদিকে, দাবি মেনে না নেয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইশরাকের সমর্থকরা।

‘এখন পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। এরপরও যদি দাবি মেনে নেয়া না হয়, তাহলে ঢাকাবাসীকে সাথে করে নিয়ে ঢাকা শহর অচল করে দেয়া হবে,’ বলছিলেন একজন বিক্ষোভকারী।

বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেয় ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল।

এরপর ইশরাককে মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। কিন্তু প্রজ্ঞাপন জারির দু্ই সপ্তাহ পরও তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় গত বুধবার থেকে নগর ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন তার সমর্থকরা।