জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে শ্রমিকদের ৬ কোটি ৯৭ লাখ ১১ হাজার ৯১৬ টাকা ক্ষতিপূরণ আদায় করে দেয়া হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

২০০৯ সাল থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ আইনি সেবা দেয়া শুরু হয়। পরবর্তিতে সুপ্রিম কোর্ট; টোল ফ্রি-‘১৬৬৯৯’ কলসেন্টার চালু; ঢাকা ও চট্রগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেল এবং কারাগারগুলোতেও এ সেবা চালু করা হয়।

প্রতিবেদনে আরো বলা হয়, ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেলে ২২ হাজার ৮৩টি আইনগত পরামর্শ সেবা দেয়া হয়েছে। একইসাথে ৪ হাজার ৬১৭টি মামলায় আইনি সহায়তা দেয়া হয়েছে। এর মধ্যে ৮২০ টি মামলা নিস্পত্তি হয়েছে।

এছাড়াও বিকল্প বিরোধ নিস্পত্তির (এডিআর) জন্য উদ্যোগ নেয়া হয়েছে ৩ হাজার ৩০৯ মামলায়। এডিআর-এ নিস্পত্তি হয়েছে ১ হাজার ৯২০টি মামলা। ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেলে এ পর্যন্ত আইনি সহায়তা পাওয়া উপকারভোগী মোট ৩০ হাজার ৯ জন।

দেশে আর্থিকভাবে অস্বচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচায় এ সেবা দেয়া হয়।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করে।

সূত্র : বাসস