সাবেক সংসদ সদস্য ও পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

একই সাথে তার স্ত্রী নিলীমা নিগার সুলতানার বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে সংস্থাটি।

আজ বৃহস্পতিবার দুদকের নিয়মিত এক মিডিয়া বিফ্রিংয়ে এসব তথ্য জানান দুদকের মহাপরিচালক মো: আক্তার হোসেন।

দুদক জানায়, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য। তার নামে ১৩ কোটি ৯৮ লাখ ৯ হাজার ৯২৯ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে, যা জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ। এছাড়া, তিনি বিভিন্ন ব্যাংক হিসেবে মোট ৮৫ কোটি ৬৯ লাখ ৩০ হাজার ৪১৯ টাকা স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করেছেন বলে অভিযোগ রয়েছে।

এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়েরর অনুমোদন দেয়া হয়েছে।

অন্যদিকে, তার স্ত্রী নিলীমা নিগার সুলতানার নামে তিন কোটি ২৮ লাখ ৬৪ হাজার ৪৫ টাকা মূল্যের সম্পদের তথ্য পাওয়া গেছে। যথাযথভাবে সম্পদ বিবরণী দাখিল না করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারায় নোটিশ জারি করা হয়েছে।

দুদক জানিয়েছে, প্রয়োজনীয় তদন্ত ও আইনি প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র : বাসস