ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার তদন্ত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম আজ রোববার রাতে বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ইসলাম বলেন, ‘আমরা আজকেই সাম্য হত্যা মামলা ডিবিতে দেয়ার আদেশ পেয়েছি। আমাদের আগে থেকে যে ছায়া তদন্ত করছিলেন তাকেই তদন্ত কর্মকর্তা হিসেবে ইনিশিয়ালি আজকে বলা হয়েছে।’
‘কেস ডকেট পেয়ে আমরা আজকেই কাজ শুরু করেছি’, জানান তিনি।
এর আগে, দিনভর প্রকৃত অপরাধীদের গ্রেফতারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের শাহবাগ থানা ঘেরাও, ছাত্রদল নেতাকর্মীদের শাহবাগে সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।