সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে দু’টি মামলায় দুই দিন জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
রাষ্ট্রদ্রোহ এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে তদন্ত কর্মকর্তার করা দু’টি আবেদনে আদালত এই আদেশ দিয়েছেন।
আজ রোববার চট্টগ্রামের একটি বিচারিক আদালত এ আদেশ দিয়েছেন।
আলিফ হত্যা মামলার আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর মো: রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানায় এই রাষ্ট্রদ্রোহ ও হত্যা মামলাটি দায়ের করা হয়েছিল।
গত বছরের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
গত ৩০ এপ্রিল এ মামলায় তাকে জামিন দেন হাইকোর্ট।
পরে রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে আপিল করলে গত ৬ মে জামিন স্থগিত করে চেম্বার জজ আদালত। এরপর আরো পাঁচ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।