বিগত আওয়ামী লীগ সরকারের সময় ২০১৬ সালে রাজধানীর কল্যাণপুরে জাহাজ বাড়িতে উগ্রবাদী সাজিয়ে গুলি করে হত্যা করা হয় নয়জনকে। এ ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, সাবেক এসপি জসিম উদ্দিন মোল্লাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আগামী ২১, ২২ ও ২৩ এপ্রিল তাদের পৃথকভাবে সেফহোমে জিজ্ঞাসাবাদ করতে বলা হয়েছে।

বুধবার বিচারপতি মো: গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউর গাজী এম এইচ তামিম, আব্দুস সাত্তার পালোয়ান।

এ বিষয়ে প্রসিকিউটর মীযানুল ইসলাম জানান, উগ্রবাদী নাটক সাজানোর ঘটনায় করা মামলায় সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার মো: আসাদুজ্জামান মিয়া ও মিরপুরের সাবেক ডিসি জসিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল এক দিন করে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করেছেন।