পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক হয়েছে।

শনিবার রাতে মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই কিছু অনুপযুক্ত কন্টেন্ট শেয়ার করা হচ্ছে। পেজটি উদ্ধারে কাজ করা হচ্ছে।

এ কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। শনিবার রাত সোয়া ৮টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকের ঘটনা ঘটে।

মন্ত্রণালয়ের ফেসবুক পেইজে জুয়াভিত্তিক বিভিন্ন ভিডিও স্ট্রিমিং হতে দেখা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এই অপ্রত্যাশিত ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। কারণ উক্ত পেজটি মন্ত্রণালয়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত প্রচারে ব্যবহৃত হয়ে থাকে।

বর্তমানে পেজটি রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে এবং এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

আপাতত সম্পূর্ণ ঠিক না হওয়া পর্যন্ত সবাইকে ফেসবুক পেজের কোনো পোস্ট বা বার্তা বিশ্বাস, শেয়ার বা যোগাযোগ না করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মন্ত্রণালয়ের তথ্য অন্যান্য ভেরিফায়েড প্ল্যাটফর্ম যেমন- অফিসিয়াল ওয়েবসাইট ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।