স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের বৈষম্য ও পেশাগত জটিলতা নিরসন এবং ডিপ্লোমা ডেন্টাল টেকনোলজিস্টদের পেশাগত নিবন্ধনের জটিলতা দ্রুত সমাধানের দাবি জানিয়েছে ‘জাতীয় স্বাস্থ্য পেশাজীবী ঐক্য’। একইসাথে মেডিক্যাল টেকনোলজিস্টদের জন্য স্বতন্ত্র কাউন্সিল গঠন এবং পেশাগত নিবন্ধনের ব্যবস্থা করারও দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। নার্স, মিডওয়াইফ, ফার্মাসিস্ট, উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (এসএসিএমও), ডেন্টাল টেকনোলজিস্ট ও মেডিক্যাল টেকনোলজিস্টদের জাতীয় পেশাজীবী সংগঠনগুলোর সমন্বয়ে ‘জাতীয় স্বাস্থ্য পেশাজীবী ঐক্য’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জনগণের জন্য উন্নত ও বৈষম্যহীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের পাশাপাশি অন্যান্য স্বাস্থ্য পেশাজীবীদের শিক্ষা, প্রশিক্ষণ, পেশাগত মর্যাদা ও কর্মক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত করা জরুরি।

ডিপ্লোমা ডেন্টাল টেকনোলজিস্টদের বিষয়ে বক্তারা বলেন, স্বাস্থ্য অধিদফতর কর্তৃক প্রণীত ওয়ার্কিং সার্কেলের আলোকে তাদের পেশাগত নিবন্ধনের ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসন করতে হবে। ডিপ্লোমা মেডিক্যাল ফ্যাকাল্টি (ডিএমএফ) পেশাজীবীদের মতো ডিপ্লোমা ডেন্টাল টেকনোলজিস্টদের বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের মাধ্যমে পেশাগত নিবন্ধনের ব্যবস্থা করার দাবি জানান তারা।

মেডিক্যাল টেকনোলজিস্টদের জন্য স্বতন্ত্র কাউন্সিল গঠন করে ওই কাউন্সিলের মাধ্যমে পেশাগত নিবন্ধনের প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে ছয় দফা প্রস্তাবের মধ্যে রয়েছে—ফার্মাসিস্ট, এসএসিএমও ও মেডিক্যাল টেকনোলজিস্টদের দ্রুত ১০ম গ্রেড তথা দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা প্রদান; নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের স্ট্যান্ডার্ড সেটআপ, নিয়োগবিধি ও অর্গানোগ্রাম বাস্তবায়ন; যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতি; ডেন্টাল টেকনোলজিস্টদের পেশাগত নিবন্ধনের জটিলতা নিরসন; মেডিক্যাল টেকনোলজিস্টদের স্বতন্ত্র কাউন্সিল গঠন; এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য পেশাজীবীদের প্রয়োজনীয় পদ সৃষ্টি ও নিয়োগ।

বক্তারা আরো বলেন, আধুনিক ও বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্স, মিডওয়াইফ, ফার্মাসিস্ট, এসএসিএমও ও মেডিক্যাল টেকনোলজিস্টদের উন্নত শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ এবং পেশাগত মর্যাদা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যখাতে প্রশাসনিক, রাজনৈতিক ও সাংগঠনিক বৈষম্য বন্ধ করে ন্যায্যতা প্রতিষ্ঠার দাবি জানান তারা।

স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পরিকল্পনাকে স্বাগত জানিয়ে সংগঠনটির নেতারা বলেন, জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ বাস্তবায়নে তারা সরকার ও প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবেন।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমের প্রতি এসব পেশাজীবীর দীর্ঘদিনের সমস্যা ও দাবিগুলো জনসম্মুখে তুলে ধরার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, এসব দাবি শুধু পেশাজীবীদের স্বার্থের বিষয় নয়; বরং দেশের জনগণের জন্য উন্নত, সহজলভ্য ও জনকল্যাণমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার সাথেও সরাসরি সম্পৃক্ত।