স্বতন্ত্র কাউন্সিলের দাবিতে গত ১৪ দিন ধরে মিরপুরের সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের ক্লাস ও অ্যাকাডেমিক কার্যক্রম বর্জন আন্দোলন চলছে। একইসাথে নতুন বছরে ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
এর ধারাবাহিকতায় রাজধানীর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন মিরপুরের সরকারী ইউনানি ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ, লক্ষ্মীপুরের রওশন জাহান ইস্টার্ন মেডিক্যাল কলেজ এবং বগুড়ার হামদর্দ ইউনানি মেডিক্যাল কলেজের কয়েক শ’ শিক্ষার্থী।
তাদের দাবি স্বতন্ত্র কাউন্সিল গঠন। তারা বলছেন, দীর্ঘ ৩৫ বছর ধরে স্বতন্ত্র কাউন্সিল গঠনের দাবি সত্ত্বেও এ বিষয়ক আইন করতে সরকার গড়িমসি করছে। বারবার স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য মন্ত্রনালয়ের দৃষ্টি আর্কষণ করা হয়েছে এ ব্যাপারে। স্বাস্থ্য অধিদফতরের ১৯৯৬ সালের নীতিমালা অনুসারে বিএমডিসি’র আদলে পৃথক কাউন্সিল গঠনের কথা বলা হলেও তা আজো বাস্তবায়ন হয়নি।
সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজে ৩৬তম ব্যাচে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলার ঘোষণা দিলেও আন্দোলনরত শিক্ষার্থীদের বাধায় গত রোববার পর্যন্ত কোনো শিক্ষার্থী ভর্তি হতে পারেনি।
উল্লেখ্য, প্রতি বছর ভর্তি পরীক্ষার মাধ্যমে ইউনানি বিভাগে ২৫ জন ও আয়ুর্বেদিক বিভাগে ২৫ জন শিক্ষার্থী করা হয়ে থাকে। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সোমবারের শেষ সময় পর্যন্ত কোনো শিক্ষার্থী ভর্তি হতে পারেনি।
আন্দোলনরত মেডিক্যাল শিক্ষার্থীরা জানিয়েছেন, স্বতন্ত্র কাউন্সিল গঠন না হওয়া পর্যন্ত আর কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হতে দেয়া যাবে না। বর্তমান শিক্ষার্থী ও চিকিৎসকদের ভবিষ্যৎ সুরক্ষায় স্বতন্ত্র কাউন্সিল গঠনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনরতরা। দাবি আদায় না হলে আরো কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণাও দেন তারা।