গাজায় ফিলিস্তিনি জনগোষ্ঠীর প্রতি সংহতি জানিয়ে ইসরাইলি বাহিনীর গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের জানমাল রক্ষার দাবি জানিয়েছে মালয়েশিয়া বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠী।

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় কুয়ালালামপুরের কেপং এলাকায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সূরাও ওমর মসজিদে ইসরাইলি বর্বরতায় ফিলিস্তিনে নিহত মুসলমান পুরুষ, নারী ও শিশুদের এবং রাখাইনে নিহত রোহিঙ্গা জনগোষ্ঠীর রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। সভায় রাখাইনে রোহিঙ্গা গণহত্যার ভয়াবহতার স্মৃতি চারণ এবং মিডিয়ায় প্রকাশিত ইসরাইলি বাহিনীর বর্বরতার কথা বর্ননা করে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

এ সময় রোহিঙ্গাদের মধ্যে উপস্থিত ছিলেন মো: কামাল হোসেন, মো: সামসুল আলম, মো: হোসেন, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ ইউসুফ, মোছাম্মৎ সাদিয়ারা বিবি, জান্নাত আরা বিবি, ফাতেমা বিবি, মরিয়ম বিবি, মোছা. নেছারু, মোছা. নুরহাছন ও মোছা. সফুরা খাতুন প্রমুখ।

তারা বলেন, ‘আমরা ভুক্তভোগীরা এসব পরিস্থিতির ভেতর দিয়ে আসছি, যেকোনো স্থানে যুদ্ধাবস্থার মাঝে বেঁচে থেকেও মরার মতো। এ সময় মানবেতর জীবনযাপন করতে হয়। চারদিকে আতঙ্ক, লুটপাট, হত্যার কারণে আতঙ্কে রাত কাটাতে হয়। তাছাড়া এ সময় যোগাযোগ বন্ধ থাকে, খাবার পানি থাকে না, খুব ভয়াবহ অবস্থা থাকে। ঠিক সেরকম কঠিন ভয়াবহতার মধ্যেই দিন কাটছে নিরীহ ফিলিস্তিনিতে।’

ফিলিস্তিনিদের জন্য বিশ্ব মুসলিমদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়া উচিত বলেও উল্লেখ করেন তারা।