ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ জার্নালিস্ট কনফারেন্স-২০২৫-এ যোগ দিতে নেপাল যাচ্ছেন সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের এক্সিকিউটিভ মেম্বার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সার্ক জার্নালিস্ট ফোরাম সেন্ট্রাল কমিটির সেক্রেটারি জেনারেল মো: আবদুর রহমান।

আগামী শুক্রবার ও শনিবার (১৩ ও ১৪ জুন) নেপালের রাজধানী কাঠমান্ডুতে আয়োজিত দুই দিনব্যাপী এ কনফারেন্সে যোগ দিতে বাংলাদেশ থেকে তারা নেপাল যাচ্ছেন।

জানা গেছে, সার্ক জার্নালিস্ট ফোরামের সেন্ট্রাল কমিটি এবং নেপালের সাংবাদিক সংগঠন ন্যাশনাল ফোরাম ফর নিউয়ার জার্নালিস্ট যৌথভাবে নেপালের রাজধানী কাঠমান্ডুতে আগামী দুই দিনব্যাপী এ কনফারেন্সের আয়োজন করেছে।

ইতোমধ্যে সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজক কমিটি। সম্মেলনে দক্ষিণ এশিয়ার ১০০ জনেরও বেশি সাংবাদিক অংশগ্রহণ করবেন এবং মাতৃভাষা সাংবাদিকতার চ্যালেঞ্জ, সুযোগ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে।

উল্লেখ্য, সার্ক জার্নালিস্ট ফোরাম দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করে আসছে। ইতোমধ্যে গত দুই বছরে দশটি আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করেছে এই সংগঠন।

সর্বশেষ ভারতের রাজস্থানে আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সেখানেও সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের এক্সিকিউটিভ মেম্বার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদের নেতৃত্বে বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধিরা অংশ নেন।