মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে গণহত্যা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) দেশটির বাংলাদেশ দূতাবাসের হল রুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মো: সোহেল পারভেজ।

অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাতে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করাসহ গণহত্যায় নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

এরপর প্রধান উপদেষ্টা প্রদত্ত বাণী পাঠ করে শোনান কল্যাণ সহকারী আল মামুন পাঠান এবং স্বাগত বক্তব্য প্রদান করেন মিশনের তৃতীয় সচিব মো: জিল্লুর রহমান। তিনি তার বক্তব্যে গণহত্যা ও নৃশংসতার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত হাইকমিশনার ১৯৭১ সালের ২৫ মার্চ কাল রাতে গণহত্যায় নিহত শহীদ ও মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন একদিন এই নারকীয় হত্যাকাণ্ডের আন্তর্জাতিক স্বীকৃতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে।

এ সময় তিনি প্রবাসী বাংলাদেশীদের স্বাধীনতার চেতনা ধারন করে দেশ গঠনে ভূমিকা রাখার জন্য অনুরোধ জানান, এবং ভবিষ্যৎ প্রজন্মকে গণহত্যা ও স্বাধীনতার প্রকৃত ইতিহাস সম্পর্কে অবহিতকরণের বিষয়েও তিনি গুরুত্ব আরোপ করেন।

এ ছাড়া তিনি বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে তোলার জন্য অবস্থানরত সকল প্রবাসীকে একযোগে কাজ করার অনুরোধ জানান।

বাংলাদেশ মিশনের কনস্যুলার সহকারী ইবাদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে দূতাবাস কর্মকর্তা-কর্মচারী ও অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা অংশ নিয়েছেন।