ভুয়া হেটেল বুকিং ও কাগজপত্র নিয়ে ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া প্রবেশের সময় ৫১ বাংলাদেশী নাগরিককে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর জন্য আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। পর্যটন ভিসায় মালয়েশিয়া এসে কাজে যোগদান করতে চাওয়ার কথা জিজ্ঞসাবাদে আটকরা স্বীকার করেছেন।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা।
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) টার্মিনাল ১-এ ভুয়া হোটেল বুকিং ব্যবহার এবং ইমিগ্রেশন চেক এড়ানোর চেষ্টা করার সময় সন্দেহভাজন হিসেবে মোট ৫১ জন বাংলাদেশীকে মালয়েশিয়ায় প্রবেশ করতে না দিয়ে তাদেরকে আটক করা হয়েছে। শ্রীঘ্রই তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (AKPS) জানিয়েছে যে বৃহস্পতিবার (২০ মার্চ) টার্মিনালের আগমন হলে ৬৭ জন আগত ব্যক্তিদের মাঝে অস্বাভাবিক আচরণ ও চলাফেরা দেখে তাদেরকে সন্দেহ করা হয়। পরে ৫১ জনকে আটক করা হয়। একেপিএস আরো জানিয়েছে যে পরিদর্শনের সময় একজন ব্যক্তি পালানোর চেষ্টা করেছিল, কিন্তু কর্তব্যরত কর্মকর্তারা তাকে ধরে ফেলেন। তারা ইমিগ্রেশনের মূল গেটে না এসে এদিক ওদিক ছুটাছুটি করছিলেন। কেউ কেউ স্বীকারও করেছেন যে তাদের আসল উদ্দেশ্য ছিল মালয়েশিয়ায় চাকরি খোঁজা।