দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশী ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী নিহত কামরুল ইসলাম (৩৩) ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের করমুল্যাহপুর গ্রামের মৃত আবদুল মান্নান মিয়ার ছেলে।

কামরুলের বড় ভাই কামরুজ্জামান ইউএনবিকে এ তথ্য জানিয়েছেন।

কামরুজ্জামান জানান, ‘১২ বছর আগে দক্ষিণ আফ্রিকা গিয়েছিল কামরুল। সেখানে কিছুদিন চাকরি করার পর নিজে দোকান দেন তিনি। কিছুদিনের মধ্যে দেশে ফেরার কথা ছিল তার। তার বিয়ের জন্য পাত্রীও খোঁজা হচ্ছিল। তবে তার আগেই সব শেষ হয়ে গেল।’

তিনি জানান, দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রভিন্সের ভেপেনার শহরে ব্যবসা করতেন কামরুল। বৃহস্পতিবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করার সময় তার দোকানে ডাকাতি করতে আসে দুই কৃষ্ণাঙ্গ ডাকাত। এ সময় দোকানের নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় তারা। একপর্যায়ে দোকানের বাইরে রাখা কামরুলের গাড়িতে আরো নগদ অর্থ আছে ভেবে তাকে গাড়ির কাছে নিয়ে যায়। সেখানেই তার বুকের বাঁ পাশে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে প্রতক্ষ্যদর্শীরা।

তিনি আরো বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় অবস্থিত আমাদের স্বজনদের সাথে কথা হয়েছে, তার লাশ দেশে আনার জন্য প্রস্তুতি চলছে। এ বিষয়ে আমরা সরকারের সহযোগিতা কামনা করছি।’

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করার চেষ্টা চলছে।’

সূত্র : ইউএনবি