ওমর ফারুক (মালদ্বীপ)
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রবাসীদের সম্মানে বিএনপির মালদ্বীপ শাখার নেতাকর্মীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত।
মঙ্গলবার (১৮ মার্চ) রাজধানী মালের ম্যানহাটন ফিশ মার্কেটের অভিজাত এক রেস্তোরাঁয় এ ইফতার অনুষ্ঠিত হয়।
দলটির মালদ্বীপ শাখার সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলটির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
এদিন ভিনদেশের মাটিতে দেশীয় আমেজের এ ইফতার অনুষ্ঠানে প্রবাসী নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের ঢল নামে।
সহ সভাপতি এমরান তালুকদার ও যুগ্ম সম্পাদক রবিউল আলমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি নেহের মিয়া রানা, মো: শাহ্ আলম, আলতাফ হোসেন, মো: ফারুক, সিনিয়র যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহাজী প্রমুখ।
প্রধান অতিথি আনোয়ার হোসেন খোকন ভার্চুয়ালি বক্তব্যে সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘রমজান আত্মশুদ্ধির মাস। এই পবিত্র মাসে প্রবাসে অবস্থানরত স্ব-স্ব দেশের আইন মেনে সকল ভেদাভেদ ভুলে, দেশ এবং প্রবাসে জাতীয় ঐক্য গড়ে তুলে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায়, সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে খলিলুর রহমান সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘১৯৭১ থেকে ২০২৪ এই স্বাধীন বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যতবারই ষড়যন্ত্র হয়েছে ঠিক ততবারই বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। আর এ জন্যই জনগণ বিএনপিকে পছন্দ করে।’
ইফতারের আগে রোজার ফজিলত, তাৎপর্য ও শহীদ জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিসহ বিশ্ব মুসলিম উম্মাহের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করেন সংগঠনটির ধর্মবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।
ইফতার অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রবাসী সাধারণ বাংলাদেশীরা।