মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি জনবহুল শপিং মলে দেশটির অভিবাসন বিভাগের (জেআইএম) আকস্মিক অভিযানে ২৬ বাংলাদেশীসহ ১৪৩ অভিবাসী শ্রমিককে আটক হয়েছে।
শনিবার দুপুরে কুয়ালালামপুরের জালান টুনকু আবদুল রহমান সড়কের ওই শপিং মলে এ অভিযান চালায় পুত্রজায়ার ইমিগ্রেশন বিভাগ
স্থানীয় সংবাদমাধ্যম হারিয়ান মেট্রোর একজন সাংবাদিক জানান, অভিযান শুরু হওয়ার পর কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান- যেগুলোর পরিচালনা বিদেশীদের হাতে ছিল বলে ধারণা করা হচ্ছে, তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায়।
জেআইএমের উপ-মহাপরিচালক (অপারেশন) জাফরি আমবক তাহা জানান, বিকেল ২টা ৩০ মিনিটে শুরু হওয়া এই অভিযানে এক সপ্তাহব্যাপী গোয়েন্দা নজরদারির পর ও জনসাধারণের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেয়া হয়।
তিনি জানান, মোট ৯৬৪ জনকে যাচাই করা হয়। যার মধ্যে ২৭৩ জন বিদেশী এবং ৬৯১ জন মালয়েশিয়ান নাগরিক। এর মধ্যে ১৪৩ জন বিদেশীকে বৈধ কাগজপত্র না থাকায় আটক করা হয়।
আটকদের মধ্যে রয়েছেন ৫৬ জন ইন্দোনেশিয়ান, ২৬ জন বাংলাদেশী, ৩২ জন পাকিস্তানি, ১০ জন ভারতীয়, ১০ জন মিয়ানমারের, ৪ জন সিরিয়ান, ৩ জন নেপালি, একজন আফগান ও একজন চীনা নাগরিক।
তাদের মধ্যে ১১০ জন পুরুষ ও ৩৩ জন নারী, যাদের বয়স ২২ থেকে ৪৮ বছরের মধ্যে।
এছাড়া, তিনি দেশীয় নাগরিকদের সতর্ক করে বলেন, অবৈধ বিদেশী শ্রমিকদের নিয়োগ বা আশ্রয় দিলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জাফরি আরো জানান, ১৫ মে পর্যন্ত দেশব্যাপী ৫ হাজার ৯০টি অভিযানে ৬৭ হাজার ৫৭৪ জনকে তল্লাশি করা হয়েছে। এসব অভিযানে মোট ৩৪ হাজার ৬১৫ জন অবৈধ অভিবাসী ও ৬৮০ জন নিয়োগদাতাকে গ্রেফতার করা হয়েছে।