মালয়েশিয়ার কুয়ালালামপুরের চৌ কিট বাজার (পাসার রাজা বোত) থেকে তল্লাশি চালিয়ে ১০৩ জন বিদেশীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। তাদের মধ্যে ১৩ জন বাংলাদেশী রয়েছেন।
স্থানীয় সময় রোববার (১৩ এপ্রিল) ‘অপস কুতি’ নামের এ বিশেষ অভিযান সকাল পৌনে ১০টার দিকে শুরু করা হয়। এ সময় মোট ১৩৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে ১০৩ জনকে আটক করা হয়।
কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানান, আটক ব্যক্তিদের মধ্যে ৮০ জন পুরুষ ও ২৩ জন নারী রয়েছেন, যাদের বয়স ২১ থেকে ৫৮ বছরের মধ্যে।
তিনি আরো জানান, আটক ব্যক্তিদের মধ্যে ৫৯ জন পুরুষ ও ২১ জন নারী ইন্দোনেশিয়ার নাগরিক, ১৩ জন বাংলাদেশী পুরুষ, মিয়ানমারের তিনজন পুরুষ ও দু’জন নারী, চারজন ভারতীয় পুরুষ ও একজন ইয়েমেনি পুরুষ রয়েছেন।
৫২ জন কর্মকর্তা ও কর্মীর অংশগ্রহণে পরিচালিত এ অভিযান অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ১৫(১)(সি) ও ৬(১)(সি)-এর অধীনে তদন্তাধীন রয়েছে।