মালয়েশিয়ায় ইস্কান্দার পুটেরির ইকো গ্যালারিয়ার কাছে একটি নির্মাণ প্রজেক্টে এক যৌথ অভিযানে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অফিসাররা অভিবাসী কর্মীদের বৈধ নতিপত্র যাচাই অভিযানে বিভিন্ন দেশের ১৪৮ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।
এ সময় অভিযানে পালানোর চেষ্টায় একজন বিদেশী কর্মীর ধাক্কায় মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের (জেআইএম)-এর ঊর্ধ্বতন এক কর্মকর্তা আহত হয়েছেন।
শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় দেশটির গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ সময় বাংলাদেশীসহ বিভিন্ন দেশের ১৪৮ অবৈধ অভিবাসীকে আটক করা হয়। তবে আটক ব্যক্তিদের মধ্যে কতজন বাংলাদেশী রয়েছে তা জানায়নি অভিবাসন বিভাগ।
এ সময় ইকো গ্যালারি এলাকায় ইমিগ্রেশন পুলিশ সদস্যরা যখন উপস্থিত হয় তখন তাদের দেখে অভিবাসী শ্রমিকরা এদিক সেদিক প্রাণপণ ছুটতে থাকে। এ সময় দিশেহারা হয়ে এক অভিবাসী শ্রমিক পালানোর সময় এক পুলিশ কর্মকর্তার গায়ে ধাক্কা লাগলে তিনি মাটিতে পড়ে যান। এতে এক পুলিশ কর্মকর্তার পা ভেঙে যায়।
জোহর ইমিগ্রেশনের উপ-পরিচালক (নিয়ন্ত্রণ) নর ফয়জল রহিম বলেন, ভুক্তভোগীর বাম উরুর হাড় ভেঙে গেছে এবং আরো উন্নত চিকিৎসার জন্য সুলতানা আমিনা হাসপাতালে (এইচএসএ) ভর্তি করা হয়েছে।
এদিকে নর ফয়জল বলেন, সকাল সাড়ে ১০টার দিকে অভিযানে ইস্কান্দার পুটেরির এলাকার তামান জোহর জায়ার একটি নির্মাণস্থল এবং ইকো গ্যালেরিয়ার কাছে একটি অভিবাসী শ্রমিক বসতিতে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা মিয়ানমার, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, চীন, পাকিস্তান, নেপাল এবং ভারতের নাগরিক। আটক ব্যক্তিদের মধ্যে নারী-শিশুরাও রয়েছে।
নর ফয়জল আরো বলেন, আটক ব্যক্তিদের বৈধ ভ্রমণ নথি এবং ওয়ার্ক পারমিট দেখাতে ব্যর্থ হয়েছেন এবং তাদের সামাজিক পরিদর্শন পাসের অপব্যবহারের অভিযোগ রয়েছে। কেউ কেউ তাদের পাসপোর্ট এবং ওয়ার্ক পারমিট দেখাতেও অক্ষম। কারণ তারা দাবি করেন, নথিগুলো তাদের নিয়োগকর্তার কাছে জমা রয়েছে।