মালয়েশিয়ার পেনাং রাজ্যের বারাত দায়া জেলায় গাঁজা পাচারকারী একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের মধ্যে এক বাংলাদেশী নাগরিক রয়েছে। তারা মূলত বারাত দায়া ও তিমুর লাউত অঞ্চলে মাদক সরবরাহের সাথে জড়িত ছিল।

বারাত দায়া জেলার পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাজালি আদম জানান, বৃহস্পতিবার (৯ এপ্রিল) চালানো অভিযান থেকে এই মাদক চক্রের হদিস পাওয়া যায়। প্রথমে ৩৮ বছর বয়সী এক নারী ও ৪২ বছর বয়সী এক পুরুষ স্থানীয় এক প্রেমিক যুগলকে গ্রেফতার করা হয়।

ওই গ্রেফতারের সূত্র ধরে দুপুর ৩টা ৩০ মিনিটে গুলুগর এলাকার লেংকক পেমানচার নামক স্থানে অভিযান চালিয়ে রোহিঙ্গা ও বাংলাদেশী দুই নাগরিককে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১২ দশমিক ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৩৮ হাজার ৪৯৩ রিংগিত।

সাজালি আরো জানান, স্থানীয় দম্পতি গত বছর থেকে এই দুই বিদেশী নাগরিকের কাছ থেকে গাঁজা কিনে আসছিল। প্রতি কেজি গাঁজা ১ হাজার ২০০ রিংগিতে কিনে তা তিন হাজার রিংগিতে বিক্রি করা হতো।

গ্রেফতার হওয়া বিদেশীদের বয়স যথাক্রমে ২৫ ও ৩০ বছর। তাদের মধ্যে বাংলাদেশী নাগরিক মাদকসেবী হিসেবে পজিটিভ ধরা পড়েছে। তবে তাদের বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড পাওয়া যায়নি।

পুলিশ অভিযানে আরো দু’টি মোটরসাইকেল (হোন্ডা EX5 ও ওয়েভ) এবং একটি টয়োটা ক্যামরি গাড়ি জব্দ করেছে, যার আনুমানিক মূল্য ১৩ হাজার ৫০০ রিংগিত। মোট উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত সম্পদের মূল্য প্রায় ৫১ হাজার ৯৯৩ রিংগিত।

গ্রেফতার করা চারজনের মধ্যে দুই বিদেশী পূর্ব পিনাংয়ে এবং স্থানীয় দম্পতি পশ্চিম পিনাংয়ে মাদক সরবরাহ করত বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, আসামিদের ১৭ এপ্রিল পর্যন্ত রিমান্ডে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার বিপজ্জনক মাদকদ্রব্য আইন ১৯৫২-এর ৩৯বি ধারায় মামলা দায়ের করা হয়েছে।