হ্যালো সুপারস্টার্সের তত্ত্বাবধানে প্রথমবারের মতো লা-লিগা ইয়ুথ টুর্নামেন্ট-২০২৫-এ অংশ নিতে মালয়েশিয়া পৌঁছেছে বাংলাদেশের জাফরানি স্পোর্টিং ক্লাবের অনুর্ধ্ব ১৬ ফুটবল দল।

শুক্রবার (১১ জুলাই) মালয়েশিয়ার কুয়ালালামপুরের ইউপিএম বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে টুর্নামেন্টটি শুরু হবে। এ উপলক্ষেই জাফরানি স্পোর্টিং ক্লাবের ১৭ সদস্যের ফুটবল দল মালয়েশিয়ায় পৌঁছেছে। আগামী ১৩ জুলাই টুর্নামেন্টটির পর্দা নামবে।

বৃহস্পতিবার দুপুরে কুয়ালালামপুর আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছলে দলটিকে স্বাগত জানায় হ্যালো সুপারস্টার্স।

শুক্রবার ইউপিএম বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে এই আন্তর্জাতিক টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, চীন, ফিলিপাইন ও ভারতের পাশাপাশি বাংলাদেশের ছেলেরাও দেশের পতাকা তুলে ধরবে।

উল্লেখ্য, হ্যালো সুপারস্টার্সের সার্বিক তত্ত্বাবধানে গত মে মাস থেকে সারাদেশব্যাপী চলছিল খেলোয়ার বাছাইয়ের চুলছেড়া বিশ্লেষণ। ১৬ জুন থেকে বিকেএসপিতে অনুষ্ঠিত হয়েছিল চূড়ান্ত বাছাই প্রতিযোগিতা। সেখান থেকেই চূড়ান্তভাবে খেলোয়াড়দের নির্বাচন করা হয়, যারা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য জাফরানি স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে মালয়েশিয়া পৌঁছেছেন।

লা-লিগা ইয়ুথ টুর্নামেন্ট প্রথমবারের মতো বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে। হ্যালো সুপারস্টার্স ও জাফরানি স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ড. কামরুল আহসান তার আন্তর্জাতিক ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে লা-লিগা ইয়ুথ টুর্নামেন্টের মতো আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এই অংশগ্রহণ নিশ্চিত করেন।