মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের বন্ধ শ্রমবাজার খুলে দেয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালনের পর জনশক্তি রফতানি ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রিক্রুটিং অ্যাজেন্সিসের (বায়রা) সাধারণ সদস্যদের পক্ষ থেকে ইস্কাটন গার্ডেনস্থ প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মালয়েশিয়া সরকারের সকল শর্ত মেনে দ্রুততার সাথে যেকোনো মূল্যে মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেয়ার দাবিও জানানো হয়।

স্মারকলিপিতে বায়রার সাধারণ সদস্যদের পক্ষ থেকে বলা হয়েছে, অভিবাসী শ্রমিকদের স্বার্থ প্রাধান্য দিয়ে স্বল্প ব্যয়ে নিরাপদ অভিবাসনের লক্ষ্যে মালয়েশিয়াসহ সকল বন্ধ শ্রমবাজার খোলার ব্যবস্থা করা হোক। দেশ ও কর্মীদের সার্বিক স্বার্থে সরকার যে পদ্ধতিতে শ্রমবাজার উন্মুক্ত করবে, বৈধ রিক্রুটিং অ্যাজেন্সির মালিক হিসেবে সেটা যথাযথভাবে অনুসরণ করে কর্মী পাঠানোর ক্ষেত্রে সর্বোচ্চ সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বায়রার সদস্যরা।

মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আল সুপ্ত ওভারসীসের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ মজুমদার, পূরবী ইন্টারন্যাশনালের মোহাম্মদ মহিউদ্দিন, আর্থ স্মার্ট বাংলাদেশের মোহাম্মদ মাহফুজুর রহমান, ইএমএস ইন্টারন্যাশনালের এএমএস সাগর, তাসনিম ওভারসীসের মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়া, আল আকাবা অ্যাসোসিয়েটের মোহাম্মদ আতিকুর রহমান বিশ্বাস, আল গিফারীর সাগর মাহমুদ, স্কাইল্যান্ড রিক্রুটিংয়ের মোহাম্মদ মনিরুজ্জামান, আরমান এয়ার ইন্টারন্যাশনালের অ্যাডভোকেট মোহাম্মদ সাজ্জাম হোসেন, ফ্রিডম ওভারসীসের কফিল উদ্দিন মজুমদার, এসএফ গ্লোবালের হাওলাদার ফোরকান উদ্দিন ও দুবাই প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ আলাউদ্দিন।