জমকালো আয়োজন এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে 'বাংলাদেশ উৎসব' উদযাপন করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশন।
বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানী কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুমধুর গান, দৃষ্টিনন্দন নাচ, ফ্যাশন শো এবং ঐতিহ্যবাহী দেশীয় খাবারের মাধ্যমে আবহমান বাংলার ঐতিহ্য ও সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরা হয় এ বর্ণিল আয়োজনে। বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশাসহ অন্য দেশীয় কারুপন্য দিয়ে সাজানো হয় অনুষ্ঠানস্থল। এছাড়া বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রার উপর প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
মালয়েশিয়া ট্যুরিজম, আর্টস এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল ওয়াইবিএইচজি দাতো শাহারুদ্দিন বিন আবু সহত অনুষ্ঠানে "সম্মানিত অতিথি" হিসেবে উপস্থিত ছিলেন। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন দফতরের উচ্চ পদস্থ কর্মকর্তা, কুয়ালালামপুরে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিপুল সংখ্যক কূটনীতিক ছাড়াও শিক্ষাবিদ, প্রবাসী বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক এবং হাই কমিশনের কর্মকর্তা ও কর্মচারী ও তাদের পরিবারের সদস্যবৃন্দ এ আয়োজনে উপস্থিত ছিলেন।
হাই কমিশনার মো: শামীম আহসান ও তার সহধর্মিণী পেন্ডোরা চৌধুরী আমন্ত্রিত অতিথিদের উষ্ণভাবে বরণ করে নেন এবং সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
ট্যুরিজম, আর্টস এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল তার বক্তৃতায় বাংলাদেশ-মালয়েশিয়ার দ্বিপক্ষীয় চমৎকার সম্পর্কের কথা তুলে ধরেন বলেন, মালয়েশিয়ার মতো বাংলাদেশও সমৃদ্ধ সংস্কৃতির ও বহু জাতি-গোষ্ঠীর দেশ। 'বাংলাদেশ ফেস্টিভাল' বাংলাদেশের অন্তর্ভুক্ত সমাজের চিত্র তুলে ধরেছে, যা অত্যন্ত প্রশংসনীয়। তিনি বাংলাদেশের সার্বিক সাফল্য কামনা করেন।
অনুষ্ঠান প্রাঙ্গনে স্থাপিত বাংলাদেশ কর্নার, রিকশা, ফুচকা, চা ও ঝাল-মুড়ির স্টল এবং পিঠা ঘর উপস্থিত বিদেশী অতিথিবৃন্দের মধ্যে ব্যাপকভাবে সমাদৃত হয়।
এছাড়া বাংলাদেশী প্রখ্যাত কোম্পানি প্রাণ, মৈত্রী এবং হোপ তাদের পণ্য ও সেবা প্রদর্শন করে এবং ন্যাশনাল ব্যাংক ও সিটি ব্যাংক রেমিট্যান্স হাউজ বুথ স্থাপনের মাধ্যমে তাদের সেবা প্রবাসীদের অবহিত করে।
অনুষ্ঠানস্থলে সুসজ্জিত 'বাংলাদেশ কর্নারে' ঐতিহ্যবাহী নিদর্শন, রফতানিযোগ্য পণ্য ও হস্তশিল্প প্রদর্শন করা হয়। এছাড়া, মহান মুক্তিযুদ্ধ, জুলাই-আগস্ট অভ্যুত্থান, সংস্কৃতি, অর্থনীতি ইত্যাদি-বিষয়ক প্রকাশনা কর্নারে স্থান পায় যা অতিথিদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে।
এছাড়া, ক্রাফট কমপ্লেক্স-কে বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির অনেক অনুসঙ্গ দিয়ে সুসজ্জিত করা হয় যা সহজেই সবার দৃষ্টি আকর্ষণ করে এবং সকলের মাঝে উৎসবের আমেজ তৈরী করে। অনুষ্ঠানে বাংলাদেশের পর্যটন, সাংস্কৃতিক ঐতিহ্য, বিনিয়োগ এবং দেশের অর্থনৈতিক সম্ভাবনার উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। মালয়েশিয়ার সেক্রেটারি জেনারেলকে বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানির ফ্রেম উপহার দেয়া হয়।