অবৈধ হয়ে আটকেপড়া প্রবাসীদের দেশে ফেরার সুযোগ দিয়েছে মালয়েশিয়া। দেশটিতে বিভিন্ন কারণে অবৈধ হয়ে আটকেপড়া অভিবাসীদের ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করছে ইমিগ্রেশন বিভাগ। এসব অবৈধ অভিবাসী কর্মীদের জন্য নতুন ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। তাদেরকে সামান্য জরিমানায় সাধারণ ক্ষমায় নিজ নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দিয়েছে দেশটির সরকার।
শুক্রবার (১৬ মে) স্থানীয় সময় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এ তথ্য জানান।
সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেন, চলিত মাসের ১৯ মে থেকে আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত দেশটিতে বসবাসরত অনিবন্ধিত অভিবাসী কর্মীদের অপরাধের ধরন অনুযায়ী ৩০০ থেকে ৫০০ রিংগিত জরিমানা দিয়ে নিজ নিজ দেশে ফিরতে পারবেন। এর আগে এই জরিমানা ছিল তিন হাজার রিংগিতের বেশি।
তিনি বলেন, ২০২৩-২০২৪ সালে বাংলাদেশ থেকে কলিং ভিসায় মালয়েশিয়ায় গিয়ে এবং যারা পুরাতন কর্মী যারা বিভিন্ন ভিসা নবায়ন করতে পারেনি, দালাল ও কোম্পানির প্রতারণায় পড়ে লক্ষাধিক বাংলাদেশী অবৈধ হয়ে গেছে তারা চাইলে এখন দেশে ফিরতে পারবে। তবে এ সময় তাদের কোনো বিচারের মুখোমুখি করা হবে না।
তবে অধিকাংশ অনিবন্ধিত অবৈধ বাংলাদেশি কর্মীরা প্রতারণা শিকার হওয়ায় বৈধকরণ প্রক্রিয়ার দাবি জানিয়েছে বলে জানা গেছে।
উপদেষ্টা ড. আসিফ রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে সাক্ষাৎ করে অবৈধ অনিবন্ধিত কর্মীদের বৈধকরণের বিষয়ে আলোচনা করে অবৈধদের বৈধতার দাবি করেছেন এবং মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এ বিষয়টি ভবিষ্যতে বিবেচনা করা হবে।