মালদ্বীপের লোনোজিয়ারা পার্ক সৈকতে সমুদ্রের পাড়ে এক মনোরম পরিবেশে ইফতার আয়োজন করেছে ঢাকা ট্রেডার্স।
সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় আয়োজিত এই ইফতারে প্রবাসী বাংলাদেশীসহ স্থানীয়রা অংশ নেন।
সৈকতের পার্ক রেস্তোরাঁয় বসে ঢেউয়ের ছন্দে দোলা দিয়ে ইফতার করার অভিজ্ঞতা অংশগ্রহণকারীদের মনে দোলা দিয়েছে। প্রবাস জীবনে স্বজনদের অভাববোধ থাকলেও, এমন পরিবেশে ইফতারের মুহূর্তে সবার মধ্যে ঐক্য ও আনন্দের বন্ধন সৃষ্টি হয়।
মালদ্বীপে প্রায় এক লাখ বাংলাদেশী বসবাস করেন। তাদের ধর্মীয় রীতিনীতির সাথে স্থানীয়দের মিল থাকায় এ ধরনের আয়োজন বিশেষ গুরুত্ব বহন করে।
ঢাকা ট্রেডার্সের কর্ণধার বাবুল হোসেনের আয়োজনে এই ইফতার মাহফিলে স্থানীয়দের পাশাপাশি উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, বাংলাদেশ মিশনের কর্মকর্তা, এনবিএল মানি ট্রান্সপারের সিইও মাসুদুর রহমানসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রবাসীরা।
সমুদ্রের পাড়ে, সবুজের বুকে, নীল আকাশের নিচে, মৃদু হাওয়ায় দোলা দিয়ে ইফতারের এই আয়োজন সবার প্রশংসা কুড়িয়েছে। আয়োজক বাবুল হোসেন সবার কাছে দোয়া চেয়েছেন যাতে তিনি প্রবাসীদের কল্যাণে কাজ করতে পারেন।