মালদ্বীপে বিভিন্ন দেশের মানুষের সাথে প্রায় এক লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশী বসবাস করছেন। পবিত্র রমজান মাস এলেই চোখে পড়ে বিভিন্ন দেশের মুসলমানদের সাথে প্রবাসী বাংলাদেশীদেরও এক অভূতপূর্ব ধর্মীয় রীতিনীতির মিল। যার প্রতিফলন ঘটে ইফতারির বিভিন্ন বিশেষ আয়োজনে। তাই প্রবাসী মুসলিম বাংলাদেশীরা মালদ্বীপে থাকলেও ভুলে যাননি তাদের ধর্মীয় রীতিনীতির কথা। দেশের স্বজনদের অভাব থাকলেও, প্রবাসের স্বজনদের সাথে মিলিত হন বাঙালিয়ানা বিভিন্ন ইফতার অনুষ্ঠানে।

সাপ্তাহিক ছুটির দিনে এমনই এক ইফতারির আয়োজন করেন বাংলাদেশ ফোরাম মালদ্বীপ। রাজধানী মালের গিয়াসউদ্দিন ইন্টারন্যাশনাল স্কুল অডিটোরিয়ামে বাঙালিয়ানা খাবারে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে অংশ নেন প্রায় ৬০০ প্রবাসী বাংলাদেশী।

বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেনের সভাপতিত্ব ও প্রচার সম্পাদক মাশহুদুল ইসলাম মাসুদের সঞ্চালনায় আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ডক্টর এইচ এম সোহেল।

প্রবাসীদের এই বর্ণাঢ্য ইফতার অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো: খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম এবং গণ-অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি আলমগীর মজুমদার।

এছাড়াও ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রশিক্ষণ সম্পাদক ডক্টর ইসমাঈল হারুন বান্না, দাওয়াহ সম্পাদক আব্দুর সবুর, পাঠাগার সম্পাদক দিদারুল আলম, ক্রীড়া সম্পাদক মাঈনুল ইসলামসহ কেন্দ্রীয় ও দেশটিতে অবস্থানরত সংগঠনটির বিভিন্ন শাখা পর্যায়ের নেতারা।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ফোরাম মালদ্বীপের কেন্দ্রীয় সভাপতি ডক্টর এইচ এম সোহেল উপস্থিত সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান এবং রমজানের ফজিলত ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন তিনি। এছাড়া বসবাসরত প্রবাসীদের সাথে ভ্রাতৃত্ববোধ আরো দৃঢ় করতে আমাদের এই আয়োজন বলেও তিনি যোগ করেন।

ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো: খলিলুর রহমান বসবাসরত প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলে, দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে, বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান।

ইফতারের আগে মালদ্বীপের রাষ্ট্রীয় আমন্ত্রণে তারাবিহ নামাজ পড়াতে আসা দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ মাহমুদুল হাসান আশরাফী তার সুমধুর কণ্ঠে ও হৃদয়কাড়া সুরে ইসলামিক সংগীতসহ মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন।

রমজানে দেশীয় খাবার ছাড়া প্রবাসীদের ভিনদেশী খাবারে ইফতার জমে না, তাই দেশীয় স্বাদের তৃপ্তি পেতে সারাদিন রোজা রেখেও দেশটির বিভিন্ন দ্বীপ থেকে প্রবাসীরা ছুটে এসেছেন বাংলাদেশী ফোরাম মালদ্বীপের এমন আয়োজনে।