মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) বৃহস্পতিবার সেলাঙ্গরের পুচং এলাকার অভিবাসী ও স্থানীয়দের দ্বারা পরিচালিত বিভিন্ন দোকান ও ২৪টি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বাংলাদেশীসহ ৯৪ জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে কতজন বাংলাদেশী রয়েছে তা এখনো নিশ্চিত করেনি মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। তবে আটক ব্যক্তিদের মধ্যে ৭২ জন পুরুষ এবং ২২ জন নারী অভিবাসী রয়েছে বলে জানা গেছে।

অভিবাসীদের দ্বারা পরিচালিত এই ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে খুচরা বিক্রয়, খাদ্য ও পানীয়, সাজসজ্জা, গাড়ি ধোয়া এবং পোশাক বিক্রয়ের দোকান রয়েছে। এসব দোকানে অভিবাসীরা প্রতিদিন পঞ্চাশ রিঙ্গিত থেকে শুরু করে মাসে এক হাজার ৫০০ রিঙ্গিত পর্যন্ত বেতন পান।

এই অভিযানে মোট ৩৭০ জন ব্যক্তির পরীক্ষা করা হয়েছিল, যার মধ্যে ২৪৭ জন পুরুষ এবং ৮৫ জন মহিলা বিদেশী এবং ৩৮ জন স্থানীয় নাগরিক ছিলেন। অভিযানকারী দলটি বিভিন্ন অভিবাসন অপরাধের জন্য থাইল্যান্ড, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মায়ানমার, পাকিস্তান, ইয়েমেন, ভিয়েতনাম, মিশর, ফিলিস্তিন এবং ভারতের নাগরিকদের মধ্যে ৭২ জন বিদেশী পুরুষ এবং ২২ জন বিদেশী মহিলাকে গ্রেফতার করেছে, যাদের বয়স ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে বলে জানা গেছে।

আটক ব্যক্তিদের দ্বারা সংঘটিত অপরাধগুলোর মধ্যে ছিল পরিচয়পত্র না থাকা, অতিরিক্ত সময় ধরে অবস্থান করা, পারমিটের অপব্যবহার এবং অন্য অপরাধ যা ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন, ১৯৬৬ সালের পাসপোর্ট আইন এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশন লঙ্ঘন করে। আটক ব্যক্তিদেরকে তদন্ত এবং পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছিল।