বাংলাদেশের ক্রীড়াঙ্গনে রচিত হলো এক নতুন অধ্যায়। মালয়েশিয়ায় অনুষ্ঠিত লা-লিগা ইয়ুথ টুর্নামেন্ট-২০২৫ এ স্পেন ও পাকিস্তানকে হারিয়ে অপরাজিত ফাইনালিস্ট হয়ে শক্তিশালী মালয়েশিয়ার দলের সাথে ম্যাচে অংশগ্রহণ করে।
স্থানীয় সময় রোববার (১৩ জুলাই) টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে খেলার ৩৫ মিনিটে বাংলাদেশের বিপক্ষে গোল করে চ্যাম্পিয়ন হয় মালয়েশিয়া।
লা-লিগার টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশগ্রহণ করে রানার্সআপ হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ফুটবল দল। লা-লিগা ইয়ুথ টুর্নামেন্টে এই প্রথমবার বাংলাদেশ থেকে হ্যলো সুপারস্টার্স মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনলাইন নিবন্ধন করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে চুলচেরা বিশ্লেষণের পর অনূর্ধ্ব-১৬ বাংলাদেশের প্রতিনিধিত্বকারী জাফরানি স্পোর্টিং ক্লাবকে লা-লিগা ইয়ুথ টুর্নামেন্টে অংশগ্রহণ করার সুযোগ পায়।
হ্যালো সুপারস্টার্সের সার্বিক ব্যবস্থাপনায় গত ১০ জুলাই বাংলাদেশ দল মালয়েশিয়ায় পৌঁছায় এবং কুয়ালালামপুরে ইউপিএম স্টেডিয়ামে স্পেন, ভারত, পাকিস্তানকে পেছনে ফেলে প্রথমবারেই লা-লিগা আয়োজনে অংশগ্রহণ করেই রানার্সআপ হয়ে ইতিহাস সৃষ্টি করে।
রানার্সআপ দল হিসেবে বাংলাদেশকে ট্রফি তুলে দিতে গিয়ে লা-লিগার আয়োজক মিস্টার ড্যনিয়েল ওং বিশ্ববিখ্যাত লা-লিগা ইয়ুথ টুর্নামেন্ট-২০২৫ প্রথমবারের মতো বাংলাদেশকে অন্তর্ভুক্ত হওয়ার জন্য হ্যালো সুপারস্টার্সের উদ্ভাবক ও জাফরানি স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ড. কামরুল আহসানকে ধন্যবাদ জানান।
ড. কামরুলের নিরলস চেষ্টা ও তার আন্তর্জাতিক পরিচিতি লা-লিগা ইয়ুথ টুর্নামেন্ট-২০২৫ এ বাংলাদেশের অংশগ্রহণে সহায়ক ভূমিকা পালন করেছে।
লা-লিগা ইয়ুথ টুর্নামেন্টের সাফল্যের পর হ্যালো সুপারস্টার্স স্পেনের রিয়াল মাদ্রিদে উচ্চ প্রশিক্ষণের জন্য অচিরেই অনূর্ধ্ব-১৩ প্রতিযোগিদের জন্য আগামী ৩০ জুলাই নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে।