মালয়েশিয়ায় কর্মরত সকল কর্মীদের জন্য মাসে ন্যুনতম বেসিক বেতন ১৭০০ রিংগিত যা বাংলাদেশী টাকায় ৫০ হাজার নির্ধারণ করে দিয়েছে দেশটির সরকার। যদি কোনো নিয়োগকর্তা এই ১৭০০ রিংগিতের কম বেতন প্রদান করে তার কর্মীদের তাহলে ওই নিয়োগকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে সরকার।
তাই ১৭০০ রিঙ্গিতের নিচে বেতন পাওয়া কর্মীদের অবিলম্বে অভিযোগ দায়ের করার আহ্বান জানিয়েছে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়। অভিযোগ পেলে সংশ্লিষ্ট নিয়োগকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে।
সোমবার (২৩ জুন) মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের (কেসুমা) এক বিবৃতিতে বলা হয়, মালয়েশিয়ার কর্মীদের কল্যাণ ও অধিকার রক্ষায় সকল পক্ষকে অবশ্যই সর্বনিম্ন মজুরি আদেশ ২০২৪ মেনে চলতে হবে। মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে আরো বলেছে, সরকারি আদেশ লঙ্ঘনের ক্ষেত্রে ন্যাশনাল ওয়েজেস কনসালটেটিভ কাউন্সিল অ্যাক্ট ২০১১-এর অধীনে আইনগত ব্যবস্থা নিতে তারা বিন্দুমাত্র দ্বিধা করবে না।
ন্যূনতম মজুরির ব্যাপারে নির্দেশনায় বলা হয়েছে, যদি নিয়োগকর্তা চাকরির চুক্তিতে একটি মূল বেতন নির্ধারণ করেন, তাহলে তা বর্তমান সর্বনিম্ন মজুরির চেয়ে কম হতে পারবে না।
যদি চুক্তিতে কোনো মূল বেতন উল্লেখ না থাকে, তাহলে নিয়োগকর্তাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে, অতিরিক্ত ভাতা বাদে প্রদেয় মোট মাসিক অর্থ সর্বনিম্ন মজুরির নিচে নয়।
এই আদেশ খণ্ডকালীন কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য বলে বিবৃতিতে উল্লখ করা হয়েছে। শ্রম বিভাগ মজুরি লঙ্ঘন, যার মধ্যে অবৈধ মজুরি কর্তনও অন্তর্ভুক্ত, তাদের বিরুদ্ধে পর্যবেক্ষণ এবং প্রয়োগমূলক পদক্ষেপ জোরদার করবে।