মালয়েশিয়ায় বাসে পাশাপাশি সিটে বসার সময় এক নারী যাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বাংলাদেশী যুবককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
সম্প্রতি মেলাকা সেন্ট্রালগামী একটি বাসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বাংলাদেশীর নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
ভুক্তভোগী নারী পুলিশের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের পর যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ এই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।
শ্লীলতাহানির শিকার ওই নারী নিজেই এই ঘটনার ভিডিও ধারণ করে ঘটনাটি সাথে সাথে বাসের হেল্পার ও চালককে অবহিত করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা ওই যুবকের শাস্তি দাবি করেছেন।
বাসটি গন্তব্যে পৌঁছানোর পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। বাস থেকে নামার সময় ভুক্তভোগী নারীর বাবা অভিযুক্ত বাংলাদেশী যুবকের মুখোমুখি হন এবং ক্ষুব্ধ কণ্ঠে তাকে তিরস্কার করেন। এই বাকবিতণ্ডা বাসের অন্য যাত্রীরাও প্রত্যক্ষ করেন।
এই ঘটনাটি গণপরিবহনে নারীদের নিরাপত্তা এবং যৌন হয়রানি মোকাবিলায় কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে।