আশরাফুল মামুন, মালয়েশিয়া
মালয়েশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত নতুন শুল্ক দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে ২০২৫ সালে মালয়েশিয়ার জিডিপি প্রবৃদ্ধি ৪ শতাংশে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হং লিওং ইনভেস্টমেন্ট ব্যাংক রিসার্চ (এইচএলআইবি রিসার্চ)।
মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি মালয়েশিয়ার বিভিন্ন পণ্যের উপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করেছে। তবে সেমিকন্ডাক্টর এবং কিছু তেলজাত পণ্যের ক্ষেত্রে কার্যকর হার ১৮ শতাংশ।
দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আশঙ্কা প্রকাশ করেছেন, এই শুল্কের ফলে টেক্সটাইল, রাবার, আসবাবপত্রসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হবে।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, মালয়েশিয়ার রফতানির ৭০ শতাংশ ইলেকট্রনিক পণ্য হলেও নতুন শুল্ক থেকে এ খাত কিছুটা রেহাই পেয়েছে। তবে মার্কিন শুল্কের বিষয়ে আলোচনার জন্য মার্কিন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।
এইচএলআইবি রিসার্চ বলছে, বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ তীব্র হলে মালয়েশিয়ার অর্থনীতিতে আরো বড় ধরনের ধাক্কা লাগতে পারে।
প্রভাব মোকাবেলায় মালয়েশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর কথা ভাবছে। এছাড়াও সরকার কাঠামোগত সংস্কার এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার করছে।
এইচএলআইবি রিসার্চ মনে করে, পরিস্থিতি মোকাবেলায় নীতি-নির্ধারকদের কর্মসংস্থান, বিনিয়োগ ও রফতানির উপর কড়া নজর রাখতে হবে।
মার্কিন শুল্কের ফলে দেশটিতে মুদ্রাস্ফীতি বেড়ে ৫ শতাংশ পর্যন্ত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।